নওগাঁর মান্দায় চোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় চোরাই মোটরসাইকেল নিজেদের হেফাজতে রাখার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল ও এর রেজিস্ট্রেশন-সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটে মান্দা থানা পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ২ ব্যক্তি হলেন মান্দা উপজেলার কালিগ্রাম এলাকার শিব চন্দ্র আচার্য্য (৩৬) এবং সফাপুর এলাকার মো. আলতাফ হোসেন (৪৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে লাল-কালো রঙের একটি পুরোনো ব্যবহৃত টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির পেছনে ঢাকা মেট্রো-ল-২৭-৯৮৫১ নম্বরের একটি নিবন্ধন প্লেট লাগানো ছিল। এর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
উদ্ধার হওয়া মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর 0E4GC2396094 এবং চেসিস নম্বর MD634KE41C2G09823। এ ছাড়া মোটরসাইকেলটির সঙ্গে একটি রেজিস্ট্রেশন সনদ ও একটি ট্যাক্স টোকেন পাওয়া যায়। রেজিস্ট্রেশন সনদে মো. মাসুম উদ্দিন নামের একজনের স্বাক্ষর ও ছবি রয়েছে। উদ্ধার করা ট্যাক্স টোকেনে একই নিবন্ধন নম্বর উল্লেখ করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, মোটরসাইকেলটির প্রকৃত মালিক শনাক্তের চেষ্টা চলছে। কারও মোটরসাইকেল হারিয়ে গিয়ে থাকলে কিংবা উল্লিখিত ইঞ্জিন ও চেসিস নম্বরের মোটরসাইকেলটি নিখোঁজ হয়ে থাকলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।