পেন্ডিং নামজারি ও খাজনার অনুরোধ দ্রুত নিষ্পত্তির নির্দেশ

বেতগাড়ি ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি)

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:২১ পিএম

রফিকুল ইসলাম সাবুল :(রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম। আজ রোববার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি ওই ভূমি অফিস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) অফিসে সেবা নিতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তাঁরা ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা, হয়রানি বা জটিলতার মুখোমুখি হচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজ নেন। এ সময় তিনি সেবা গ্রহীতাদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শও দেন।

পরে তিনি ইউনিয়ন ভূমি অফিসের বিভিন্ন রেজিস্টার, নথিপত্র ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। বিশেষ করে চলমান নামজারি কার্যক্রম, ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায়সহ বিভিন্ন সেবার অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।

পরিদর্শনের সময় পেন্ডিং থাকা নামজারি আবেদন এবং ভূমি উন্নয়ন কর (খাজনা) সংক্রান্ত অনুরোধগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি)। একই সঙ্গে ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ, সেবা গ্রহীতাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলামের আকস্মিক এই পরিদর্শনে অফিসের সার্বিক কার্যক্রমে গতি ও জবাবদিহিতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বেতগাড়ি ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা নাজমুল হক বলেন, “স্যারের আকস্মিক পরিদর্শন ইউনিয়ন ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেবা গ্রহীতাদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে আমরা আরও দায়িত্বশীলভাবে কাজ করব।”

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের ভূমিসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে নিয়মিতভাবে ইউনিয়ন ভূমি অফিসগুলোর কার্যক্রম তদারকি করা হচ্ছে। নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ অন্যান্য ভূমিসেবা নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির পাশাপাশি সেবা গ্রহীতাদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উপজেলা ভূমি অফিস জানিয়েছে, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি প্রশাসন সর্বদা বদ্ধপরিকর।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com