গঙ্গাচড়ায় বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হামলার অভিযোগ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে গঙ্গাচড়ায় সাংবাদিককে হামলার অভিযোগ
রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও জরিমানার সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
গত শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিক আব্দুল বারী দুলাল দৈনিক প্রতিদিনের বার্তার গঙ্গাচড়া প্রতিনিধি এবং গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি। হামলায় তাঁর মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর ইসলাম। ভূমি ব্যবস্থাপনা ও পরিবেশসংক্রান্ত আইনে পরিচালিত ওই অভিযানে দায়ীদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নেওয়া হয়।
পরে ওই অভিযানের খবর দৈনিক প্রতিদিনের বার্তাসহ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এর জেরেই সাংবাদিক দুলালের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আহত সাংবাদিকের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় উমর বাজারে অবস্থানকালে কামরুল হাসান, আমানুল্লাহ আমানসহ কয়েকজন তাঁর ওপর দলবদ্ধভাবে হামলা করেন। এ সময় তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পর গঙ্গাচড়ায় কর্মরত সাংবাদিক, দৈনিক প্রতিদিনের বার্তার নির্বাহী সম্পাদক, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ সবুর, ইসলামি আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং সংসদ সদস্য রায়হান সিরাজী হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের খোঁজ নেন।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব, গঙ্গাচড়া প্রেসক্লাব, রংপুর প্রেসক্লাব, রংপুর সদর উপজেলা প্রেসক্লাব, মিঠাপুকুর প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
দৈনিক প্রতিদিনের বার্তার নির্বাহী সম্পাদক বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক হামলার শিকার হলে এবং হামলাকারীরা যথাযথ শাস্তির আওতায় না এলে গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে।
রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের ব্যুরো চিফ সরকার মাজহারুল মান্নান বলেন, সাংবাদিক দুলালের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধের চেষ্টা। তিনি হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপও দাবি করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে গঙ্গাচড়া থানার পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।