আত্রাইয়ে শিক্ষার্থীদের নিয়ে এমপি ও পুলিশ সুপারের সচেতনতামূলক সভা, মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে নওগাঁর আত্রাইয় উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় শিক্ষার্থীরা মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করে।
রবিবার (৪ অক্টোবর) আত্রাই থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
আত্রাইয়ের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেয়। অনুষ্ঠানে শিক্ষক, পুলিশ কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।
সভায় মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং প্রযুক্তির অপব্যবহারে সৃষ্ট সাইবার অপরাধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীদের সচেতন করতে পুলিশ সুপার প্রায় এক ঘণ্টাব্যাপী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন করার আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, অনলাইন প্রতারণা থেকে সুরক্ষা এবং সাইবার অপরাধের শিকার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর বিষয়েও তিনি প্রয়োজনীয় পরামর্শ দেন।
প্রধান অতিথি সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম এ ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য নওগাঁর পুলিশ সুপার ও জেলা পুলিশকে ধন্যবাদ জানান। পাশাপাশি শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন।
মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ নিয়ে নিজেদের প্রশ্ন ও মতামত তুলে ধরে। সংসদ সদস্য ও পুলিশ সুপার তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাধারণ সম্পাদক। এ ছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অন্যান্য অতিথিরা।
আলোচনা শেষে শিক্ষার্থীরা হাত তুলে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার করে।