সোনারগাঁও রাসায়নিক বহনকারী কভারভ্যানে আগুন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): সংবাদদাতা

চট্টগ্রাম বন্দর থেকে ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে নেওয়ার পথে বিপজ্জনক রাসায়নিকবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মালিবাগ এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, খুলনা মেট্রো-চ-১১-১২৯৪ নম্বর কাভার্ড ভ্যানটির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কাভার্ড ভ্যানটিতে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়ায় অবস্থিত ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে রাসায়নিক নেওয়া হচ্ছিল। তবে আগুন শুধু ইঞ্জিনে সীমাবদ্ধ থাকায় ভেতরে থাকা রাসায়নিক বা এসিডে আগুন লাগেনি। চালক ও হেলপারও নিরাপদে রয়েছেন।

শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের এইট বি ইয়ার্ড থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় প্রথম ধাপে নয়টি কনটেইনার নারায়ণগঞ্জের উদ্দেশে পাঠানো হয়। এসব কনটেইনারে ছিল সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের একটি চালান, মিথানলের পাঁচটি এবং থিনারের দুটি কনটেইনার।

দীর্ঘ প্রায় দুই দশক চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা এসব বিপজ্জনক রাসায়নিক ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে নেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর কাভার্ড ভ্যানটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বিপজ্জনক রাসায়নিক পরিবহনের সময় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় এসব রাসায়নিকের নিরাপদ পরিবহন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত মোকাবিলার সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়। গাড়ির ইঞ্জিনে আগুন লাগলেও বহন করা কেমিক্যাল বা এসিডে আগুন লাগেনি।’

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com