শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান মানিকগঞ্জ জেলা প্রশাসকের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ | ৭ই অক্টোবর
শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং অধিকার নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ।
মঙ্গলবার ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জেলা শিশু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় নাজমুন আরা সুলতানা বলেন, “শিশুরাই দেশের ভবিষ্যৎ; তাদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে হবে । শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিশুশ্রম, বাল্যবিবাহ, নির্যাতন ও বৈষম্য থেকে শিশুদের রক্ষায় সামাজিক সচেতনতা বাড়াতে হবে ।”
তিনি আরো বলেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে। এ জন্য পরিবার থেকে রাষ্ট্র ও সমাজের প্রতিটি পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে ।
সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) খায়রুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইফতেখারুল আলম এবং শিশু প্রতিনিধি প্রযত রায় ও লাইসা রহমান প্রমুখ ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিশু একাডেমির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন ।
এর আগে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান । অনুষ্ঠানটি ভার্চুয়ালি দেশের বিভিন্ন জেলায় প্রদর্শন করা হয় ।
উল্লেখ্য, শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশের লক্ষ্যে ১৯৭৬ সালে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করা হয় । বর্তমানে দেশের প্রতিটি জেলায় এর কার্যালয় রয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে শিশুরা সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল বিভিন্ন বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ পায় ।