পুলিশের বাইক চুরি করতে গিয়ে ধরা, উদ্ধার ৯ মোটরসাইকেল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম

রফিকুল ইসলাম সাবুল :রংপুর প্রতিনিধি

রংপুর মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে পুলিশের এক কর্মকর্তার মোটরসাইকেল চুরির তদন্ত করতে গিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের সন্ধান পেয়েছে কোতয়ালী থানা-পুলিশ। এ ঘটনায় চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের বিভিন্ন এলাকা ও একটি রিকন্ডিশন মোটরসাইকেলের দোকান থেকে নয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি দোকান থেকেই উদ্ধার করা হয়েছে ছয়টি মোটরসাইকেল।

পুলিশ বলছে, চক্রটি এক এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে অন্য এলাকায় নিয়ে যেত। পরে সেগুলো বিক্রি বা হাতবদল করা হতো। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো কোথা থেকে চুরি করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিঠাপুকুরের কয়ারমারী এলাকার মোস্তাফিজুর রহমান (২৮), পীরগঞ্জের শাহাপাড়া-হাজীপুর এলাকার হুমায়ুন কবীর ওরফে রাব্বী (১৯), বদরগঞ্জের কুতুবপুর বালুয়াপাড়ার ওবায়দুল হক (৩৪) এবং জামুবাড়ী-যাদুনগর এলাকার রমজান আলী (১৯)। এ ছাড়া রাহাত মিয়া (২০) নামের আরও একজন পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর আদালতের ১০ তলা ভবনের নিচে সিঁড়ির পাশে মোটরসাইকেল রেখে কোর্ট হাজতখানার আসামি-সংক্রান্ত কাজে কোর্ট ইন্সপেক্টরের সঙ্গে দেখা করতে যান কোতয়ালী থানার এসআই রিয়াজুল ইসলাম। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখতে পান, তাঁর মোটরসাইকেলটি নেই।

এ ঘটনায় মামলা হওয়ার পর আদালত চত্বরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজে কয়েকজনকে মোটরসাইকেলটি নিয়ে যেতে দেখা যায়। সেই ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা শুরু হয়।

পরে ফুটেজে শনাক্ত মোস্তাফিজুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিঠাপুকুর, পীরগঞ্জ, রংপুর মহানগর ও বদরগঞ্জে অভিযান চালানো হয়। এসব অভিযানে নয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এর মধ্যে বদরগঞ্জের সিও রোড ব্রিজসংলগ্ন মেসার্স মুগ্ধ রিকন্ডিশন বাইক সেন্টারে অভিযান চালিয়ে ছয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একটি রিকন্ডিশন মোটরসাইকেলের দোকান থেকে একসঙ্গে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় চোরাই মোটরসাইকেল কেনাবেচার নেটওয়ার্ক নিয়ে তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে সেগুলো অন্য এলাকায় সরিয়ে নিতেন। পরে বিক্রি বা হাতবদলের মাধ্যমে এসব মোটরসাইকেল বাজারে ছাড়ার চেষ্টা করা হতো।

ওসি (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি বলেন, গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং চোরাই মোটরসাইকেল কোথায় কোথায় সরবরাহ করা হয়েছে, তা জানতে তাঁদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।

তিনি আরও বলেন, পলাতক রাহাত মিয়াসহ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com