ডাক বিভাগের উদ্যোগে বেরোবিতে চিঠি উৎসব অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম
রুশাইদ আহমেদ, বেরোবি |
‘বিশ্ব ডাক দিবস ২০২৬’ উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রংপুর ডাক বিভাগের উদ্যোগে চিঠি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ময়দানে এই উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবটি উপলক্ষে বিকাল ৩টা থেকেই বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীরা ভিড় করেন ক্যাম্পাসে। এসময় তাঁরা ডাক বিভাগের মাধ্যমে বিশেষ ছাড়ে নিজেদের আত্মীয়, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের কাছে চিঠি প্রেরণ করেন এবং আধুনিক যুগেও এমন আয়োজনের মাধ্যমে চিঠি লেখায় প্রেরণা জোগানোয় আয়োজকদের ধন্যবাদ জানান।
চিঠি উৎসবে আসা দর্শনার্থী বেরোবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, “আমরা এখন ডিজিটাল ডিভাইস এবং হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মাধ্যমে চ্যাট করি। সেটা অনেকটা যান্ত্রিক হয়ে পড়েছে। সেই জায়গা থেকে আজকের এই অনেক প্রশংসার দাবিদার। এই কাগজের চিঠি আমাদের নব্বই দশকের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। আমরা চাই এমন আয়োজন আরও হোক বেরোবিতে।”
আরেক দর্শনার্থী চৈতি ঘোষ বলেন, “চিঠি আসলে এক ধরনের নস্টালজিয়ার মতো। আমাদের বাবা-মায়েদের সময়ে এটা অনেক অনুভূতির একটা ব্যাপার ছিল। ফোনের মেসেজ তো সবাই লিখতে পারে, কিন্তু চিঠি লেখার জন্য আলাদা দক্ষতার দরকার পড়ে।”
এই আয়োজন নিয়ে রংপুর ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ইসরাত জাহান নুর বলেন, “ডাক বিভাগের শক্তি শুধু এর অবকাঠামোতে নয়; এর সবচেয়ে বড় শক্তি হলো মানুষের আস্থা। দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর-সর্বত্র ডাক বিভাগের রয়েছে দীর্ঘদিনের উপস্থিতি।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ কাগজপত্র, পার্সেল, পণ্য কিংবা আনুষ্ঠানিক নথিপত্র নিরাপদভাবে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ডাক এখনো একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশ্ব ডাক দিবস তাই শুধু ডাক বিভাগের একটি দিবস নয়। এটি মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের ইতিহাসকে স্মরণ করার দিন। এটি আমাদের মনে করিয়ে দেয়-প্রযুক্তি যতই এগিয়ে যাক, মানুষের সঙ্গে মানুষের সংযোগ, আস্থা ও সেবার প্রয়োজন কখনো ফুরাবে না।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, চিঠি আমাদের মনের অনুভূতি প্রকাশের এক অনন্য মাধ্যম। এখন আধুনিক যুগে নানা প্রযুক্তি এসেছে। কিন্তু, চিঠির আবেদন কখনোই কমবে না। রংপুর ডাক বিভাগকে ধন্যবাদ এমন আয়োজনের জন্য।
আরও পড়ুন
বিশ্ব ডাক দিবসে হাবিপ্রবিতে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনী
গাজীপুর জেলার শ্রীপুর থানায় গুলি ছুড়ে বিকাশের ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধ ১
গঙ্গাচড়ায় স্টোররুমের সিঁড়ির পাশে খালেদা জিয়ার ছবি, তদন্ত কমিটি