অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষক হত্যা: কিশোরগঞ্জ থেকে প্রধান আসামির সহযোগী গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পিএম
রফিকুল ইসলাম সাবুল, রংপুর প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনার প্রতিবাদ করায় কলেজশিক্ষক আরিফুল ইসলামকে (৩৫) কুপিয়ে হত্যার মামলায় পলাতক আসামি হাসান আলীকে (২০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হরিশচন্দ্রপট্টি পুমদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাসান আলী লালমনিরহাটের আদিতমারী উপজেলার গন্ধমরুয়া (শিংঙ্গীমারী) গ্রামের জয়নাল হকের ছেলে। তিনি এ হত্যা মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি।
শুক্রবার (৯ অক্টোবর) এসআরবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, রংপুরের সিপিএসসি এবং এসআরবি-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে হোসেনপুর উপজেলার হরিশচন্দ্রপট্টি পুমদী এলাকায় অভিযান চালিয়ে হাসান আলীকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকায় রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছিলেন। এলাকায় জুয়া বন্ধে সচেতনতা তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের জুয়া থেকে বিরত থাকার আহ্বান জানাতেন কলেজশিক্ষক আরিফুল ইসলাম। জুয়া বন্ধ না করলে পুলিশকে বিষয়টি জানানোর কথাও বলেছিলেন তিনি।
এর জেরে ক্ষুব্ধ হয়ে গত ১ আগস্ট দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ আগস্ট তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ২ আগস্ট নিহত শিক্ষকের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পর আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান।
এর আগে, গত ১২ আগস্ট এ মামলার প্রধান আসামি রহিদুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করেছিল তৎকালীন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতার হাসান আলীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।