মাগুরায় এসআরবি'র অভিযানে ২৮ হাজার ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মূল হোতা পলাতক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পিএম

আব্দুর রশিদ মোল্লা, 

মাগুরা প্রতিনিধি:

মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, ৪ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, টাকা গণনার মেশিন, ৪টি ল্যাপটপ, প্রেস বুম মাইক্রোফোন ও খেলনা পিস্তল সদৃশ গ্যাস লাইটারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প

এসআরবি জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ০৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১১টা ৪০ মিনিটে মাগুরা সদর থানাধীন কলেজ পাড়ার স্বপ্ন বিলাস বাড়ির ৪র্থ তলার একটি ফ্ল্যাটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- মো. রাশেদ শেখ (৪১), পিতা- মো. মোস্তফা শেখ, সাং- মালিপাড়া, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহ। তিনি বর্তমানে মাগুরা পৌরসভার কলেজ পাড়ার ওই বাড়িতে ভাড়া থাকতেন।

এসআরবি আরও জানায়, এ চক্রের মূল হোতা দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন (৩৫), পিতা- মৃত দয়াল চন্দ্র বিশ্বাস, সাং- চাপড়ি, থানা- সদর, জেলা- ঝিনাইদহ। অভিযানের সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে সে কৌশলে পালিয়ে যায়।

স্কোয়াড্রন লিডার মো. ইমামি মুবীন সরকার সুমন, কোম্পানি কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাগুরা সদর থানায় নিয়মিত মামলা রুজু করে আলামতসহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com