মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (৯ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী ।
প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্করের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান, বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখার সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান বিশ্বাস, যুগ্ম সম্পাদক রিপন আনছারী এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মিনহাজ মিয়া । এ ছাড়া প্রতিষ্ঠানের শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন ।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং তাদের নতুন শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য । অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হয় ।
অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান ।