মান্দায় পুরনো ভবন ভাঙার সময় ধসে আহত শ্রমিকের মৃত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পুরোনো ভবন ভাঙার সময় ধসে গুরুতর আহত কেরামত উল্লাহ সরদার (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে তিনি মারা যান।
নিহত কেরামত উল্লাহ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর চকরামরপুর গ্রামের মৃত অফের আলী সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিববার (৪ অক্টোবর) সকালে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিল গ্রামে লুৎফর রহমানের একটি পুরোনো ভবন ভাঙার কাজে যান কেরামত উল্লাহ। সকাল ১০টার দিকে ভবন ভাঙার কাজ চলাকালে হঠাৎ ভবনের একটি অংশ ধসে তাঁর ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে অস্ত্রোপচারের জন্য বুধবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।