সবুজ অরণ্য আর আধুনিক সড়ক,নান্দনিকতায় রাজেন্দ্রপুর চৌরাস্তা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম

মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের ব্যস্ততম সড়ক গুলোর মধ্যে অন্যতম রাজেন্দ্রপুর চৌরাস্তা। একদিকে আধুনিক চার লেনের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, অন্যদিকে ঘন সবুজ শালবন দুইয়‌ের মেলবন্ধনে এলাকাটি পেয়েছে ভিন্ন এক নান্দনিক রূপ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তার ওভারব্রিজ থেকে ধারণ করা দৃশ্যে দেখা যায়, উত্তর-দক্ষিণে বিস্তৃত মহাসড়ক দিয়ে দূরপাল্লার বাস, কাভার্ডভ্যান, মিনিবাসসহ বিভিন্ন যানবাহন নিজ নিজ লেনে চলাচল করছে। সড়কের ডিভাইডারে থাকা সবুজ গাছপালা ও বাহারি ফুলের সারি ব্যস্ত মহাসড়কটিতে যোগ করেছে বাড়তি সৌন্দর্য।

শ্রীপুর অংশে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে একদিকে ঢাকা ও ময়মনসিংহ এবং অন্যদিকে  কাপাসিয়া হয়ে কিশোরগঞ্জ ও কটিয়াদীর সঙ্গে যোগাযোগ রয়েছে। ফলে প্রতিদিন এ পথে বিপুলসংখ্যক যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করে। রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের যোগাযোগেও সড়কটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তবে যানবাহনের ব্যস্ততার পাশাপাশি এ এলাকার অন্যতম আকর্ষণ ঘন সবুজ শালবন। ভাওয়াল জাতীয় উদ্যান ও ঐতিহাসিক শালবনের কাছাকাছি হওয়ায় মহাসড়কের দুই পাশে চোখে পড়ে সবুজের বিস্তৃত আবরণ। কোথাও কোথাও বন্য বানরের বিচরণও দেখা যায়। কালো পিচঢালা মহাসড়ক আর সবুজ বনভূমি মিলে তৈরি করেছে মনোরম এক প্রাকৃতিক দৃশ্য।

ইকবাল সিদ্দিকী কলেজের অধ্যক্ষ হাসমত উল্লাহ বলেন, “রাজেন্দ্রপুর চৌরাস্তার সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে একই সঙ্গে আধুনিক সড়ক অবকাঠামো ও প্রাকৃতিক পরিবেশ রয়েছে। শালবনের সবুজের সঙ্গে মহাসড়কের উন্নত অবকাঠামোর এই সমন্বয় এলাকাটিকে অন্য যেকোনো ব্যস্ত সড়ক থেকে আলাদা করেছে। পরিকল্পিতভাবে সবুজায়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখা গেলে রাজেন্দ্রপুর চৌরাস্তা আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।”

রাজেন্দ্রপুর সেনানিবাসের কাছাকাছি হওয়ায় এলাকাটির নিরাপত্তা ও পরিচ্ছন্নতাও তুলনামূলক ভালো। যদিও ব্যস্ত এই চৌরাস্তায় গণপরিবহনের অনিয়ন্ত্রিত থামার কারণে মাঝে মাঝে জটলা তৈরি হয়, তবে সামগ্রিকভাবে যান চলাচল সচল রয়েছে।

সব মিলিয়ে আধুনিক সড়ক অবকাঠামো, ব্যস্ত যান চলাচল আর শালবনের শান্ত-সবুজ পরিবেশ—প্রকৃতি ও আধুনিকতার এমন মেলবন্ধনে রাজেন্দ্রপুর চৌরাস্তা শুধু একটি গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড় নয়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্যতম দৃষ্টিনন্দন অংশ হিসেবেও নজর কাড়ছে।

 

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com