'চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে হবে’: হাবিপ্রবির সেমিনারে ড. আব্দুল্লাহ-আল-মামুন​

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পিএম

নুরুজ্জামান, হাবিপ্রবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলামকে শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি বলেছেন, ‘একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে এমন সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীদের স্নাতক শেষ করে চাকরি খুঁজতে না হয়; বরং শিল্পপ্রতিষ্ঠানগুলোই তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা নিজেরাই অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।'

বৃহস্পতিবার (৮ অক্টোবর) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অডিটোরিয়াম-১-এ ‘দ্য রোল অব অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি কলাবোরেশন: রিসার্চ এক্সেলেন্স, ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

হাবিপ্রবি প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এনামুল্লাহ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রায় ৪০ জন ব্যবসায়ী ও উদ্যোক্তা সেমিনারে অংশ নেন।

অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, শিল্পখাতের প্রয়োজন ও চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলাম নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন। শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে হবে। একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে উঠলে গবেষণা, উদ্ভাবন ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।

সেমিনারে দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক বলেন, ‘শিল্পপ্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় উদ্ভাবনী চিন্তাশক্তিসম্পন্ন মানুষ খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আসার আগ থেকেই উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা গেলে শিক্ষার্থীরা শুধু চাকরিপ্রার্থী না হয়ে ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন এবং অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।’

অনুষ্ঠানের সভাপতি ও হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. এনামুল্লাহ বলেন, ‘নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার উদ্যোগ সফল করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পখাতের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা করলে তাদের চাহিদা অনুযায়ী একাডেমিক কারিকুলাম সাজানোর সুযোগ তৈরি হবে।’ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে শিল্পপ্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের পর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের বক্তব্য ও ক্রেস্ট প্রদান শেষে উপাচার্যের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়।

সেমিনারে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা গেলে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশের গবেষণা, উদ্ভাবন, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com