ঘিওর থানা পুলিশের সাথে দুর্গোৎসবের আগাম প্রস্তুতিমূলক সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ | ৮ অক্টোবর
মানিকগঞ্জের ঘিওরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক আগাম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলার ৮৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয় ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঘিওর থানা পুলিশের আয়োজনে থানা কমপ্লেক্স প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি ছিলেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী ।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন এসআই মিজানুর রহমান ।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় । একই সঙ্গে উৎসব চলাকালে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয় ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী বলেন, দুর্গাপূজা চলাকালে প্রতিটি পূজামণ্ডপে পুলিশি তৎপরতা জোরদার করা হবে । কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। উৎসব নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি ।
সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আল-মামুন ভূঁইয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মহসীন খান হীরা, সহসভাপতি সোহেল রানা খন্দকার, ঘিওর নাটমন্দিরের সভাপতি রাম সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের সভাপতি পিন্টু দাস ও সুমন দাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।