দুর্নীতির কারণে রাষ্ট্রীয় উন্নয়ন বাঁধাগ্রস্ত হচ্ছে: এমপি ফজলুর রহমান সাঈদ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

রাষ্ট্রীয় উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতির কারণে। দেশকে দুর্নীতিমুক্ত করতে পারলে বাংলাদেশ উন্নয়নে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুর রহমান সাঈদ।

সমসাময়িক প্রেক্ষাপট, এলাকার উন্নয়ন, জনস্বার্থের বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গতকাল সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, প্রেসক্লাবের সেক্রেটারি শামিম কাদিরসহ স্থানীয় সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ বলেন, ‘রাষ্ট্রীয় উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতির কারণে। দেশকে দুর্নীতিমুক্ত করতে পারলে ইনশাআল্লাহ বাংলাদেশ উন্নয়নে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণের পাশাপাশি এর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। সরকারি বরাদ্দ যথাযথভাবে কাজে লাগানো এবং উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংকটের বিষয় তুলে ধরেন। এ সময় স্থানীয় সড়ক যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা এবং চলমান উন্নয়নকাজের ধীরগতির বিষয়েও আলোচনা হয়।

স্থানীয় উন্নয়নকাজের ধীরগতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য বলেন, প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপর্যাপ্ত। আবার যে বরাদ্দ দেওয়া হচ্ছে, সেটিও মাঠপর্যায়ে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। ফলে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে এর বিরূপ প্রভাব পড়ছে।

তিনি বলেন, জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। একই সঙ্গে বরাদ্দ দ্রুত ছাড়, প্রকল্প বাস্তবায়নে গতি এবং কাজের মান নিশ্চিত করা প্রয়োজন।

উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি যাতে না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় সাংবাদিকরা জয়পুরহাটের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com