লামার ফাইতংয়ে ১৩ ইটভাটায় প্রশাসনের অভিযান, জরিমানা ২৯ লাখ টাকা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২২ পিএম

তোফাজ্জল হোসাইন লামা (বান্দরবান) প্রতিনিধি:

‎বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পরিবেশবিধি লঙ্ঘনের দায়ে ১৩টি ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন।

‎লামা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফাইতং ইউনিয়নে মোট ৩১টি ইটভাটা রয়েছে। এর মধ্যে পাহাড় বা টিলা কেটে ইটের কাঁচামাল হিসেবে মাটি ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার অভিযোগে ১৩টি ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়।

‎প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে বিবিসি (BBC) ব্রিকস,এমএইচবি (MHB) ব্রিকস, ফাইভ বিএম(5BM) ব্রিকস, কেবিসি (KBC) ব্রিকস, এসবিডব্লিউ (SBW) ব্রিকস, এমএইচবি (MHB) ব্রিকস, এসএবি (SAB) ব্রিকস, সেভেন বিএম(7BM) ব্রিকস, ইউবিএম(UBM) ব্রিকস, ইউবিএম-২ (UBM-2) ব্রিকস, এসএসবি (SSB) ব্রিকস, এবিসি-২(ABC) ব্রিকস ও এবিসি-৪(ABC) ব্রিকস—এই ১৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

‎লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(৫) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎অভিযান পরিচালনাকালে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com