পিচ্চি রাজা পলায়ন, দুই পুলিশ সদস্যসহ বোন গ্রেপ্তার, পুলিশ সরাসরি জড়িত : জিএমপি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পিএম
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার জানান, পরিকল্পিতভাবে পিচ্চি রাজাকে পালাতে সহায়তা করেন দুই পুলিশ সদস্য ও তার বোন তাসলিমা।
তিনি জানান, প্রিজনভ্যানের দায়িত্বে থাকা এসআই প্রবীর কুমার ও চালক কামাল হোসেনের সঙ্গে আগেই পালানোর পরিকল্পনা করেন তাসলিমা। ঘটনার সময় সিভিল পোশাকে থাকা এসআই প্রবীর পিচ্চি রাজাকে প্রিজনভ্যান থেকে নামিয়ে পাশে থাকা একটি প্রাইভেটকারে তুলে দেন। পরে গাজীপুরের বাইমাইলে গিয়ে তিনি আবার পুলিশের সঙ্গে যোগ দেন। এ ঘটনায় তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, ঘটনায় আর্থিক লেনদেনেরও প্রমাণ মিলেছে। চালক কামাল হোসেনের বাসা থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তবে চুক্তির মোট অর্থের সুনির্দিষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি। গ্রেপ্তার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে। বাকি তিন পুলিশ সদস্যকে রাখা হয়েছে কঠোর নজরদারিতে।
চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর থেকে একাধিক মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। গত ২৭ সেপ্টেম্বর ঢাকার আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালিয়ে যান তিনি। পলাতক পিচ্চি রাজাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
Scholarly Index-এর র্যাংকিংয়ে Library and Information Science বিষয়ে বিশ্বে ৯ম স্থানে নোবিপ্রবির সহকারী অধ্যাপক আতিকুজ্জামান
মতলবের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের সময় সাড়ে ৯ টন সার উদ্ধার