অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারণার অভিযোগে রংপুরে দুইজন গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম

রফিকুল ইসলাম সাবুল :রংপুর প্রতিনিধি:

 রংপুরের গংগাচড়া উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার কাজে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি খোলা সিম ও ভিসা প্রতারণার কাজে ব্যবহৃত ১০ পাতা কাগজপত্র জব্দ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গংগাচড়া মডেল থানাধীন খলেয়া ইউনিয়নের শলেয়াহশাহ বাজার সংলগ্ন লালচাঁদপুর গ্রামের একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—তারাগঞ্জ উপজেলার উত্তর হাজীপুর গ্রামের মৃত মহুবর রহমানের ছেলে মো. শিমুল ইসলাম (৩৩) এবং একই এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের আজম আলীর ছেলে মো. লিটন কবির (৩১)।

পুলিশ জানায়, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), রংপুরের তত্ত্বাবধানে জেলা পুলিশের এসআই (নিঃ) মো. মাজেদুল ইসলাম বসুনিয়ার নেতৃত্বে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। 

অভিযানের সময় দুইজনকে অনলাইন মাধ্যমে ভিসা প্রতারণার কাগজপত্রসহ মোবাইলে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলার সময় আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে শিমুল ইসলামের কাছ থেকে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি খোলা সিম এবং ভিসা প্রতারণার মাধ্যমে তৈরি করা ১০ পাতা কাগজপত্র জব্দ করা হয়। অপর গ্রেপ্তার লিটন কবিরের কাছ থেকেও একই ধরনের কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোন পর্যালোচনা করে অনলাইন জুয়ার কয়েকটি অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে—baji777.live, betlili365.vip, bk333.app, mcwcasino.fun, 1111bet, 99xo.game, 7cbloo1.kkjertp.com এবং supperbaji.club।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন তাদের নাম-ঠিকানা জানিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে জব্দ করা আলামত ও গ্রেপ্তারদের গংগাচড়া মডেল থানায় নেওয়া হয়। এ ঘটনায় গংগাচড়া মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ২৪, ২৫ ও ২৭ ধারা এবং সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১, ২২, ২৪ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com