মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পিএম
আব্দুর রশিদ মোল্লা, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোনসহ নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
প্রেস রিলিজে জানানো হয়, পুলিশ সুপার মো. আজাদ হোসেন, পিপিএম (সেবা) এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার খায়রুল হাসানসহ ডিবি ও সদর থানা পুলিশের যৌথ দল গত ৫ অক্টোবর রাত ১১টা ৫০ মিনিট থেকে ৬ অক্টোবর রাত ৩টা ৫০ মিনিট পর্যন্ত মাগুরা সদরের পৌরসভার ১নং ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় অভিযান চালায়।
অভিযানে কাশিনাথপুরের শাহীন আলম (৪৬), তার স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং নন্দলালপুরের খালিদ হাসান (৩১) কে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য বলে স্বীকার করেছে। ১নং আসামি শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ৬টি এবং সাথী খাতুনের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।