নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের উদ্যোগে 'Pathways to Higher Education in Foreign Countries' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালা শুরু হয়। বিভাগের HEAT (Higher Education Acceleration and Transformation) সাব-প্রজেক্ট কর্মশালাটির আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বক্তব্যে তিনি বলেন, "প্রায় প্রত্যেক শিক্ষার্থীই বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী, তবে তাদের কেউ যেতে পারে, কেউ পারে না। বিদেশে উচ্চশিক্ষার জন্য সেই দেশের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে এগোতে হবে। অনেক স্কলারশিপ রয়েছে, কিন্তু না জানার কারণে অনেকেই সেই সুযোগ নিতে পারে না। আমি মনে করি, আমাদের শিক্ষার্থীরা অন্যান্য দেশের শিক্ষার্থীদের চেয়ে বেশি মেধাবী, শুধু সেই মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।"
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, "বিদেশে উচ্চশিক্ষা নিতে হলে তোমরা অবশ্যই স্কলারশিপ নিয়ে যাবে। আগে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে, এরপর সেই অনুযায়ী এগোলেই সফল হবে। তবে অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশে গিয়ে আর দেশে ফেরে না। তাদের বলব, শিক্ষা শেষে দেশে ফিরে অর্জিত জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগাও।"
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. রাজু আহমেদ। স্বাগত বক্তব্য দেন হিট প্রজেক্টের এসপিএম ড. মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এএসপিএম।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্টের সহকারী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।
উদ্বোধনী পর্বে বিভাগের ২৩ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। প্রধান অতিথি উপাচার্য নিজ হাতে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।