নিয়ামতপুরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম
মোঃ রমজান হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে খাস খতিয়ানের জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তল্লা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন—তল্লা গ্রামের মিনহাজুল, সুফিয়ান, সাইফুল, সাগর ও জোবায়েরসহ আরও কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, তল্লা মৌজার সরকারি খাস জমি কেনাবেচাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তল্লা গ্রামের মৃত মজর আলীর ছেলে দবেরের কাছ থেকে একই গ্রামের সাঈদের ছেলে লিটন ১০ থেকে ১২ কাঠা খাস জমি কিনেছেন বলে জানা যায়। একই ব্যক্তির কাছ থেকে তল্লা গ্রামের ইয়াদ আলীর ছেলে সাগরও তিন কাঠা খাস জমি ক্রয় করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ জমি কেনাবেচা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সোমবার সকালে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে আটজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন
Scholarly Index-এর র্যাংকিংয়ে Library and Information Science বিষয়ে বিশ্বে ৯ম স্থানে নোবিপ্রবির সহকারী অধ্যাপক আতিকুজ্জামান
মতলবের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের সময় সাড়ে ৯ টন সার উদ্ধার