গাইবান্ধা-লালমনিরহাটে এসআরবি-১৩’র অভিযান, ইয়াবা-এসকাফ-মদসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:০০ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী ও লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা, ৩৫ বোতল এসকাফ সিরাপ ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টা ২০ মিনিটে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার বগুড়া-রংপুর মহাসড়কের আতিয়ার হাজীর বিল্ডিং এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সিপিসি-৩, এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে রংপুরগামী শানে-খোদা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী মো. ছামিউল হক (৩৮)কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি গ্রামে অভিযান চালায় এসআরবি-১৩-এর সদর কোম্পানির একটি দল। অভিযানে মো. ফয়জার আলীর ছেলে খাইরুল ইসলাম (২২)-এর বাড়ির সামনে ইটের খোয়ার ভেতর থেকে ৩৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এরপর রাত সাড়ে ৮টার দিকে একই গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. খাইরুল ইসলাম (৪৮)-এর বাড়িতে অভিযান চালায় একই দল। এ সময় তার বসতঘরের খাটের নিচ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com