নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও ভ্যানচালক নিহত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার ও মহাদেবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক ও একজন ভ্যানচালক নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও এক ভ্যানযাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) সকালে মহাদেবপুরে এবং দুপুরে সাপাহারে দুর্ঘটনা দুটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাপাহার উপজেলার খঞ্জনপুর-সাপাহার সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়েন শিক্ষক আবু সাঈদ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আবু সাঈদ সাপাহার উপজেলার আইহাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি ঝাড়পুকুর নওপাড়া গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, সোমবার সকাল ৬টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর মদিনা ফিলিং স্টেশন এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় নীরেন চন্দ্র বর্মণ ওরফে হীরেন (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হন। এ ঘটনায় ভ্যানের যাত্রী পরেশ চন্দ্র বর্মণ (৫৮) গুরুতর আহত হন।

নিহত নীরেন চন্দ্র বর্মণ মহাদেবপুর উপজেলার মগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মণের ছেলে। আহত পরেশ চন্দ্র বর্মণ একই গ্রামের মৃত অধীর বর্মণের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৃথক দুই দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি সাপাহার ও মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com