দুই বছরের বেশী সময় পরে বাসের হেলপার নিহতের ঘটনায় কাভার্ড ভ্যানচালক গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পিএম
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের রাজেন্দ্রপুরে সড়ক দুর্ঘটনায় অনন্যা ক্লাসিক পরিবহনের হেলপার সুজন মিয়া নিহতের ঘটনায় দীর্ঘ আড়াই বছর পর কাভার্ড ভ্যানচালক মো. রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
২০২৪ সালের ২৪ জুন ভোরে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা ক্লাসিক পরিবহনের বাসটি রাজেন্দ্রপুরের হোটেল এক্স সংলগ্ন ইউটার্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-২০-৫১৩৩ নম্বরের কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের দরজার পাশে থাকা হেলপার সুজন মিয়া (২৫) গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় সুজনের স্ত্রী সানজিদা আক্তার মিম বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। সদর থানা পুলিশ তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দিলেও আদালতের নির্দেশে চলতি বছরের ৯ এপ্রিল মামলাটির তদন্তভার পায় পিবিআই গাজীপুর জেলা।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালক রাশেদকে শনাক্ত করে পিবিআই। পরে ৪ অক্টোবর বিকেলে ঢাকার সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআই জানিয়েছে, দুর্ঘটনার সময় রাশেদই কাভার্ড ভ্যানটি চালাচ্ছিলেন এবং দুর্ঘটনার পর তিনি পালিয়ে যান। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।