মাহিগঞ্জে ২১.২ কেজির কালো পাথরের কালীমূর্তি উদ্ধার, গ্রেফতার ১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি: 

রংপুর মহানগরীর মাহিগঞ্জে অভিযান চালিয়ে ২১ দশমিক ২ কেজি ওজনের কালো পাথরের একটি কালীমূর্তি ও এর একটি ভগ্নাংশ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় মো. রজব আলী (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মাহিগঞ্জ থানার কল্যাণী ইউনিয়নের ফকিরা গ্রামে রজব আলীর বাড়িতে অভিযান চালিয়ে এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়।

এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল রজব আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বসতঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে কালো পাথরের কালীমূর্তিটি ও এর একটি ভগ্ন খণ্ডাংশ উদ্ধার করা হয়।

অভিযানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবৈধভাবে নিজ হেফাজতে রাখা ও পাচারের চেষ্টার অভিযোগে রজব আলীকে গ্রেফতার করা হয়। তিনি মাহিগঞ্জ থানার ফকিরা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

এসআরবি-১৩ জানিয়েছে, এ ঘটনায় তাদের পক্ষ থেকে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা মূর্তি ও ভগ্নাংশসহ গ্রেফতার রজব আলীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী অধিনায়কের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com