সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পিএম
শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
“শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ে তোলার ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মির্জ কাউসার আজিজ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
দিবসটির আয়োজনে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশ নেন।