জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য: আজ বিশ্ব শিক্ষক দিবস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম

মোঃ মিলন শাহ, পত্নীতলা, নওগাঁ। 

সারাদেশে এবং বিশ্বব্যাপী আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬। বিশ্বজুড়ে শিক্ষকদের অসামান্য অবদান, অক্লান্ত পরিশ্রম এবং জাতি গঠনে তাঁদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর এই দিনে দিবসটি পালিত হয়। এ বছর ১৯৬৬ সালের ঐতিহাসিক ইউনেস্কো/আইএলও সুপারিশমালার ৬০ বছর পূর্তি উপলক্ষে দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে

— "Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures" 

অর্থাৎ, "শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠন।"

১৯৯৪ সাল থেকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো)-এর উদ্যোগে প্রতি বছর ৫ই অক্টোবর বিশ্বব্যাপী এই আন্তর্জাতিক দিবসটি উদযাপিত হয়ে আসছে।

বাংলাদেশে আজ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, র‍্যালি এবং সেমিনারের আয়োজন করা হয়েছে। শিক্ষা ও সমাজ গঠনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ দেশসেরা শিক্ষকদের রাষ্ট্রীয় সম্মাননা ও পদক প্রদান করা হবে।

আজকের এই বিশেষ দিনে গুণীজন ও শিক্ষাবিদেরা শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, যুগোপযোগী বেতন কাঠামো ও মানসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। তাঁদের মতে, শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষা না করে একটি মেধাবী ও দক্ষ জাতি গঠন অসম্ভব।

 শিক্ষামন্ত্রী বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শিক্ষকসমাজসহ বিশ্বের সব শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বিশেষ বাণীতে বলেন, "শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা। জ্ঞান ও প্রজ্ঞার আলো ছড়িয়ে একজন শিক্ষক প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করেন ।" মন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকার শিক্ষকদের সামাজিক মর্যাদা ও পেশাগত অধিকার নিশ্চিত করতে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। 

 শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন এক অনুষ্ঠানে বলেন, "শিক্ষকরা তরুণ প্রজন্মের মধ্যে সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বীজ বপন করেন এবং একটি আত্মমর্যাদাশীল জাতি গঠন করেন ।" তিনি জানান, শিক্ষকদের সামাজিক মর্যাদা ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটি গবেষণা-ভিত্তিক ও বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য । তিনি আরও উল্লেখ করেন, গুণী শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও কাজের স্বীকৃতি দিতে এবারই প্রথম জাতীয় পর্যায়ে সম্মাননার পরিধি বাড়িয়ে ১০১ জনে উন্নীত করা হয়েছে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com