মা ইলিশ রক্ষায় আগাম অভিযান, শিবালয়ে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:১২ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি | ৫ অক্টোবর

মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা শুরুর আগেই মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ ।

সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বড় আনুলিয়া গ্রামের জাল-সুতা ব্যবসায়ী হানিফ মোল্লার বাড়িতে এ অভিযান চালানো হয় । অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী ।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদ-নদীতে মা ইলিশ সংরক্ষণে মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে । এ সময় নিষিদ্ধ জালের মজুত ও বাজারজাত ঠেকাতে আগাম নজরদারি জোরদার করেছে প্রশাসন ।

এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বড় আনুলিয়া গ্রামে অভিযান চালানো হয় । অভিযানে হানিফ মোল্লার বাড়ি থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল উদ্ধার করা হয় । প্রশাসনিক হিসাবে জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা । পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয় ।

অভিযান সংশ্লিষ্টরা জানান, হানিফ মোল্লার ছেলে ফরহাদ এসব নিষিদ্ধ জাল মজুত করে আরিচা ঘাটসহ আশপাশের বিভিন্ন হাট-বাজার ও মাছ শিকারিদের কাছে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন বলে তথ্য পাওয়া গেছে । তবে অভিযানের সময় তাঁকে পাওয়া যায়নি । পরে তথ্য জানার জন্য তার স্ত্রী বৃষ্টি আক্তারকে (৩২) থানায় নেওয়া হয় । ইউএনও জানান, পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ।

ইউএনও মনিষা রানী কর্মকার বলেন, বড় আনুলিয়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে । নিষিদ্ধ জাল ব্যবসার সঙ্গে জড়িত ফরহাদকে আটকের চেষ্টা চলছে । মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা কার্যকর থাকাকালে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com