বিশ্ব শিক্ষক দিবসে কালাইয়ে র্যালি ও আলোচনা সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৭ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের (সি,এ,) এসএম শওকতের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল,জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাক্ষ তাইফুল ইসলাম ফিতা, উপজেলার বিভিন্ন সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন বলেন, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালু করা উচিত। পাশাপাশি শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করা হলে শিক্ষকতা পেশা আরও আকর্ষণীয় হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হলে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলেও তিনি মন্তব্য করেন।
কালাই পৌর বিএনপি আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল সমাজে শিক্ষকদের তাৎপর্য তুলে ধরে ছাত্রদের প্রতি দায়িত্বশীল মনোভাব বাড়ানোর আহ্বান জানান।
উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির বলেন, কালাই উপজেলার মাদ্রাসাগুলোর শিক্ষাব্যবস্থার মান নিয়ে আরও গুরুত্ব দিয়ে কাজ করা প্রয়োজন। উদাহরণ হিসেবে তিনি সাম্প্রতিক এসএসসি ও দাখিল পরীক্ষায় একটি মাদ্রাসার কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ওই প্রতিষ্ঠানে প্রতিবছর সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করলেও ফলাফল সন্তোষজনক নয়। শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষকদের আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, সমাজে শিক্ষকদের মর্যাদা সবার ওপরে। একজন শিক্ষার্থী যত বড়ই হোক না কেন, তার শিক্ষকের প্রতি সবসময় সম্মান থাকা উচিত। অতীতেও রাষ্ট্রপ্রধানসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষকদের সম্মান করে গেছেন।
তিনি বলেন, শিক্ষকরা চাইলে একটি এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার আয়োজনের আহ্বান জানিয়ে তিনি এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
একই সঙ্গে শিক্ষকের একটি ছোট্ট কথা শিক্ষার্থীর জীবনে বড় ধরনের অনুপ্রেরণা সৃষ্টি করতে পারে উল্লেখ করে শিক্ষকদের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
Scholarly Index-এর র্যাংকিংয়ে Library and Information Science বিষয়ে বিশ্বে ৯ম স্থানে নোবিপ্রবির সহকারী অধ্যাপক আতিকুজ্জামান
মতলবের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের সময় সাড়ে ৯ টন সার উদ্ধার