নওগাঁয় স্বামীর সঙ্গে পুকুরে গোসল করতে নেমে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে চিকিৎসাধীন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৬ পিএম
মোঃ রমজান হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে স্বামীর সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাসলিমা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী সামির হোসেন (২০) পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে উপজেলার চেরাগপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা আক্তার ওই গ্রামের নূর নবীর মেয়ে। তিনি বগুড়ার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে বগুড়া জেলার বাসিন্দা সামির হোসেনের সঙ্গে পারিবারিকভাবে তাসলিমার বিয়ে হয়। রোববার দুপুর ১টার দিকে স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি। পরে বিকেল আড়াইটার দিকে তাসলিমা ও সামির বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামেন। এ সময় তাসলিমার ৮ বছর বয়সী ছোট ভাইকে পুকুরপাড়ে বসিয়ে রাখা হয়।
গোসলের একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে তাসলিমার ছোট ভাই চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই তাসলিমার মৃত্যু হয়।
অপরদিকে গুরুতর অসুস্থ অবস্থায় সামিরকে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, পুকুরে গোসল করতে নেমে তাসলিমার মৃত্যু এবং তাঁর স্বামী অসুস্থ হওয়ার বিষয়টি জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।
তাসলিমার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
Scholarly Index-এর র্যাংকিংয়ে Library and Information Science বিষয়ে বিশ্বে ৯ম স্থানে নোবিপ্রবির সহকারী অধ্যাপক আতিকুজ্জামান
মতলবের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের সময় সাড়ে ৯ টন সার উদ্ধার