বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চারটি ক্যাটাগরিতে মানিকগঞ্জ সদর উপজেলার আটজন শিক্ষক পেলেন ‘গুণী শিক্ষক সম্মাননা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি | ৫ অক্টোবর

শিক্ষকতার দীর্ঘ পথচলায় অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ব শিক্ষক দিবসে মানিকগঞ্জ সদর উপজেলার আটজন শিক্ষক পেলেন ‘গুণী শিক্ষক সম্মাননা’। চারটি ক্যাটাগরিতে তাঁদের এ সম্মাননা দেওয়া হয় ।

আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণসাক্ষরতা অভিযান ও বেসরকারি সংস্থা পাসার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় ।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন—সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহুল আমীন মিয়া, খাবাশপুর আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক ড. মো. জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর আবীর হাসান মুকুল ও দেবাশীষ সরকার । অন্যরা হলেন মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমান এবং তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলেয়া বেগম, কামরুন নাহার ও এস এম রাব্বি ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন । জেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পাসার নির্বাহী পরিচালক মোহাম্মদ ফরিদ খান, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন ও গণসাক্ষরতা অভিযানের প্রতিনিধি কামরুন্নাহার কলি ।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাঁদের পেশাগত মর্যাদা ও অবদানের স্বীকৃতি নিশ্চিত করতে এ ধরনের সম্মাননা আরও বাড়ানো প্রয়োজন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com