নেশার টাকা জোগাড় করতে না পেরে গ/লায় দ/ড়ি দিয়ে যুবকের আ/ত্ম/হ/ত্যা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ | ৬ অক্টোবর
মানিকগঞ্জের ঘিওরে মো. রাসেল মিয়া (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের মধ্যপাড়া এলাকার একটি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় ।
নিহত রাসেল মিয়া(২৬) ওই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে ছিলেন । তাঁর স্ত্রী ও পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে ।
পরিবারের সদস্যরা জানান, রাসেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন । নেশার কারণে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত ।
পরিবারের সদস্যরা জানান, সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে রাসেল তাদের বাড়ির উঠানের একটি গাছে উঠে গলায় দড়ি দিয়ে প্রথমবার আত্মহত্যার চেষ্টা করেন । পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে কিছুটা সুস্থ করার পর তিনি রাতের অন্ধকারে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যান । এরপর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি ।
পরের দিন মঙ্গলবার সকাল ৮টার দিকে নিহত রাসেলদের বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি পতিত জমির আইলের পাশে ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মহগনি গাছের উঁচু ডাল থেকে নামিয়ে আনে ।
রাসেলের স্ত্রী মুক্তা বেগম পুলিশ ও স্থানীয়দের জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন । তাকে স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য পরিবারের পক্ষ থেকে চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি । তার মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি । এবং মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেন তিনি ।
পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন ।’