মানিকগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি | ৭ অক্টোবর
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানিকগঞ্জ পৌর এলাকার ৩২টি পূজামণ্ডপকে ৭ হাজার ৫০০ টাকা করে অনুদান দিয়েছে মানিকগঞ্জ পৌরসভা । একই সঙ্গে পূজামণ্ডপে বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে ।
বুধবার বিকেলে পৌরসভা মিলনায়তনে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয় ।
সভায় পূজামণ্ডপে মানসম্মত বৈদ্যুতিক তার ও নিরাপদ ওয়্যারিং ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয় । ঝুলন্ত, জোড়াতালি দেওয়া বা কাটা-ছেঁড়া তার ব্যবহার না করার পাশাপাশি বৈদ্যুতিক মিটারে অতিরিক্ত লোড না দেওয়ার জন্য সতর্ক করা হয় ।
এ ছাড়া গেট ও তোরণ নির্মাণের সময় বৈদ্যুতিক খুঁটি ও তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয় । বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে জানানোর জন্যও বলা হয়েছে ।
সভায় জানানো হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুতের টিম দায়িত্ব পালন করবে । পাশাপাশি প্রয়োজনীয় স্থানে বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর রাখার পরামর্শ দেওয়া হয় । জরুরি প্রয়োজনে ০১৯৭৬৯৪০২৫৫০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে ।
সভায় মাদকের ব্যবহার নিষিদ্ধ রাখার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয় ।
পৌরসভার প্রশাসক মৌসুমি খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, পৌর নির্বাহী কর্মকর্তা মো. অহিদুল মিয়া, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবুল হাসান, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া এবং বিভিন্ন পূজা উদযাপন ও সামাজিক সংগঠনের নেতারা ।
মৌসুমি খানম বলেন, “আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে । ইতিমধ্যে রাস্তাঘাট মেরামত ও স্ট্রিট বাতি স্থাপন করা হয়েছে । গত দুই বছর এ অনুদান দেওয়া বন্ধ ছিল । এবার থেকে তা চালু করা হলো । আশা করি, এ অনুদান অব্যাহত থাকবে ।”
তিনি পূজা সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান ।
সভায় পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।