বাস কোথায়, জানাবে অ্যাপ: হাবিপ্রবির চার শিক্ষার্থীর উদ্ভাবন 'HSTU বাস কই'
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৩ এএম
নুরুজ্জামান, হাবিপ্রবি প্রতিনিধি:
ক্যাম্পাসের বাস এই মুহূর্তে কোথায়, পরের স্টপেজে পৌঁছাতে কত সময় লাগবে, সবই এখন জানা যাবে মোবাইলের এক ক্লিকে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিভদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন সেবা সহজ করতে বাস ট্র্যাকিং অ্যাপ ও ওয়েবসাইট বানিয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২৩ ব্যাচের চার শিক্ষার্থী। নাম 'HSTU বাস কই'। বিশ্ববিদ্যালয়ের বাসে ইতিমধ্যে সফলভাবে ট্রায়ালও সম্পন্ন করেছেন তাঁরা।
উদ্ভাবক চার শিক্ষার্থী হলেন মাহমুদুল হাসান এবিন, আহনাফ আদিল সৌমিক, মহিউদ্দিন মেহেদী ও ইনান আহমেদ। সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লা আল মামুন এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক হাসানুল করিম রনি তাঁদের কাজ তত্ত্বাবধান করেছেন।
শিক্ষার্থীরা জানান, অ্যাপে বাসের লাইভ লোকেশন ও বর্তমান গতি দেখা যাবে। কোন বাস কখন নির্দিষ্ট স্টপেজে পৌঁছাবে, এক স্টপেজ থেকে আরেক স্টপেজে যেতে কত সময় লাগবে, কোনো স্টপেজ থেকে পরের বাস কতক্ষণ পর ছাড়বে, এমনকি নির্দিষ্ট কোনো বাস চলছে নাকি বন্ধ আছে, তা-ও জানা যাবে। প্রতি তিন থেকে পাঁচ সেকেন্ড পরপর বাসের অবস্থান ও গতি হালনাগাদ হয় বলে জানান তাঁরা।
আরও একটি সুবিধার কথা বলছেন উদ্ভাবকেরা। তাঁদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাসের যাত্রী গণনা করা যাবে, ফলে বাসে কতটা ভিড়, সেই তথ্যও অ্যাপেই মিলবে।
পুরো ভাবনাটির শুরু গত বছরের নভেম্বরের দিকে। আহনাফ আদিল সৌমিক বলেন, 'লাল বাস' দেখে তাঁর মনে হয়েছিল, হাবিপ্রবির জন্যও এমন কিছু করা যায় কি না। "সেখান থেকেই শুরু। প্রায় এক বছর ধরে আমরা চারজন কাজ করছি। মামুন স্যারের তত্ত্বাবধানে ডিভাইস, ওয়েবসাইট, অ্যাপ সবই নিজেরা বানিয়েছি। অনেক জায়গায় গিয়েছি, অনেকবার চেষ্টা করেছি, তবুও থামিনি। আলহামদুলিল্লাহ, কয়েকবার বাসে ট্রায়াল দিয়ে দেখেছি, আমাদের সিস্টেম বাস্তবেই কাজ করছে," বলেন তিনি।
প্রশাসনের অনুমতি পেলে প্রকল্পটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কাছে হস্তান্তর করতে চান শিক্ষার্থীরা।
সৌমিকের ভাষ্য, "আমাদের একটাই ইচ্ছা, কাজটা যেন শুধু প্রজেক্ট হয়ে না থাকে। হাবিপ্রবির জন্য সত্যিই কিছু করুক, আর একদিন পরিবহন খাতে বাস্তবে ব্যবহার হোক।"