সাটুরিয়ায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিঘ্নিত, ৪ জনের কারাদণ্ড

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম

মানিকগঞ্জ প্রতিনিধি | ৮ অক্টোবর

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা-পাইকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় । পরে অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের দণ্ড দেওয়া হয় ।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সাটুরিয়ার গোলড়া এলাকার মো. রহমতুল্লাহর ছেলে মো. আলমগীর (৫০), একই এলাকার মৃত মো. ওয়াজউদ্দিনের ছেলে আলামিন (৪২), গোলড়া পূর্বপাড়ার মৃত সহিমুদ্দিন আলীর ছেলে মো. গোলাপ হোসেন (৩৮) এবং মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকার মৃত ইউনুছের ছেলে মো. আনসার আলী (৩০) ।

অভিযান সূত্রে জানা যায়, কৈট্টা-পাইকপাড়া এলাকায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিঘ্ন ঘটানোর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের আটক করে । পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় ।

ভ্রাম্যমাণ আদালত মো. গোলাপ হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, মো. আলমগীর ও মো. আনসার আলীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা এবং আলামিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয় ।

সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধ এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com