চট্টগ্রামে হকার সমস্যার সমাধানে ‘ইভিনিং মার্কেট’ চালুর পরিকল্পনা চসিক মেয়রের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
বন্দরনগরী চট্টগ্রামে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের পাশাপাশি হকার সমস্যার স্থায়ী সমাধানে সন্ধ্যাকালীন বাজার (ইভিনিং মার্কেট) চালুর পরিকল্পনা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট স্থান ও সময়ে ব্যবসার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নিউমার্কেট এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানে এ পরিকল্পনার কথা জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তাঁর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
এ সময় মেয়র বলেন, ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা চসিকের অন্যতম অগ্রাধিকার। তবে হকারদের জীবিকা নির্বাহের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শুধু উচ্ছেদ কিংবা বলপ্রয়োগের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এ কারণে নির্দিষ্ট স্থান ও সময় নির্ধারণ করে হকারদের ব্যবসার সুযোগ দেওয়ার বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে।
মেয়র আরও বলেন, পরিকল্পিত ইভিনিং মার্কেট চালু করা গেলে একদিকে হকাররা তাঁদের জীবিকা নির্বাহের সুযোগ পাবেন, অন্যদিকে ফুটপাত ও সড়কে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখা সম্ভব হবে। চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সড়ক ও ফুটপাত কারও ব্যক্তিগত সম্পত্তি নয় উল্লেখ করে মেয়র বলেন, অবৈধভাবে জনসাধারণের চলাচলের পথ দখল করে দুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উচ্ছেদের পর যাতে পুনরায় ফুটপাত ও সড়ক দখল না হয়, সে জন্য কঠোর নজরদারি অব্যাহত রাখা হবে। পাশাপাশি দখলমুক্ত রাখতে নিয়মিত উচ্ছেদ অভিযানও পরিচালনা করা হবে।
অভিযানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।