ধুলাবালিতে খালেদা জিয়ার ছবি, গঙ্গাচড়ায় তদন্ত কমিটি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পিএম
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
সিঁড়ির পাশে ধুলাবালি, ময়লা-আবর্জনা আর পরিত্যক্ত সামগ্রীর স্তূপ। সেখানেই পড়ে আছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাঁধানো ছবি। সরকারি হিসাবরক্ষণ কার্যালয়ের ভেতরের এমন দৃশ্য ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ঘটনা জানাজানি হওয়ার পর বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার।
রংপুরের গঙ্গাচড়া উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের স্কোরুমের সিঁড়ির পাশে পড়ে থাকা ছবিটি নিয়ে প্রশ্ন উঠেছে— কোথা থেকে এল, কে সেখানে রাখল? এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর এখনো মেলেনি।
সরেজমিনে দেখা যায়, মেঝেতে ফ্রেমে বাঁধানো বেগম খালেদা জিয়ার ছবিটির একাংশ পলিথিনে ঢাকা। চারপাশে ধুলাবালি, ময়লা ও বিভিন্ন পরিত্যক্ত সামগ্রী। সরকারি একটি গুরুত্বপূর্ণ কার্যালয়ের ভেতরে সাবেক প্রধানমন্ত্রীর ছবি এভাবে পড়ে থাকার বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে নজরে আসে স্থানীয়দের।
ছবিটি কীভাবে সেখানে এল—জানতে চাইলে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোছা. শামসুন নাহার বলেন, ‘কীভাবে এলো, জানি না।’
এরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় উপজেলা প্রশাসন। ইউএনও জেসমিন আক্তার তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে ছবিটি কার্যালয়ে কীভাবে এসেছে, আগে কোথায় রাখা ছিল, কে বা কারা সেটি সরিয়েছে এবং সিঁড়ির পাশে পড়ে থাকার ঘটনায় কারও দায়িত্বে অবহেলা ছিল কি না—এসব খতিয়ে দেখা হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ধুলাবালি ও পরিত্যক্ত সামগ্রীর মধ্যে পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। ছবিটি কীভাবে সেখানে গেল, কারা রেখেছে—তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা দরকার।’
উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার বলেন, ‘একজন সাবেক প্রধানমন্ত্রীর ছবি সরকারি কার্যালয়ে এভাবে পড়ে থাকা মেনে নেওয়া যায় না। তদন্ত করে প্রকৃত ঘটনা বের করতে হবে। কারও দায়িত্বে অবহেলা থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।’
স্থানীয়দেরও প্রশ্ন, সরকারি কার্যালয়ের ভেতরে একটি বাঁধানো ছবি এভাবে পড়ে থাকলেও বিষয়টি আগে কেন নজরে এল না? এখন তদন্ত কমিটি গঠন হওয়ায় প্রকৃত ঘটনা সামনে আসবে—এমনটাই প্রত্যাশা তাঁদের।
ঘটনাটি নিছক অব্যবস্থাপনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তদন্তেই মিলবে সেই উত্তর।
আরও পড়ুন
বিশ্ব ডাক দিবসে হাবিপ্রবিতে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনী
গাজীপুর জেলার শ্রীপুর থানায় গুলি ছুড়ে বিকাশের ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধ ১
গঙ্গাচড়ায় স্টোররুমের সিঁড়ির পাশে খালেদা জিয়ার ছবি, তদন্ত কমিটি