চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম

চট্টগ্রাম থেকে মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র ব্যক্তিদের গুলির মুখে পড়েছে পুলিশ। এ ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয়ভাবে পরিচিত ইয়াছিন বাহিনীর সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাসেল (৩০), মোরশেদ (২৮), বাবু (২৫) ও সাব্বির (৩২)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের ভেতর থেকে সশস্ত্র ব্যক্তিরা গুলি ছোড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার চারজনই ইয়াছিন বাহিনীর সদস্য বলে দাবি পুলিশের। জঙ্গল সলিমপুর এলাকায় অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের শুক্রবার (৯ অক্টোবর) আদালতে পাঠানো হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com