চট্টগ্রাম বন্দরে ‘যন্ত্রাংশ’ ঘোষণায় খণ্ডিত BMW, ৫ ইসুজু ট্রাক: শুল্ক ফাঁকির সন্দেহ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান :
চট্টগ্রাম বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে আমদানি করা একটি খণ্ডিত BMW স্পোর্টস/রেসিং কার, BMW 740i-এর সামনের অংশ এবং পাঁচটি খণ্ডিত ইসুজু ট্রাক শনাক্ত করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। মঙ্গলবার সন্দেহভাজন একটি চালানের কায়িক পরীক্ষায় ঘোষণার সঙ্গে বাস্তবে পাওয়া পণ্যের বড় ধরনের অসামঞ্জস্য ধরা পড়ে।
কায়িক পরীক্ষায় দুই আসনের একটি খণ্ডিত BMW স্পোর্টস/রেসিং কার পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি ২০০৯ সালের ‘এস ড্রাইভ ২৩আই’ মডেলের এবং প্রায় ২ হাজার ৫০০ সিসি ইঞ্জিনের বলে ধারণা করা হচ্ছে। একই চালানে ২০১৬ সালের প্রায় ৩ হাজার সিসি ইঞ্জিনের BMW 740i-এর সামনের অর্ধাংশ এবং পাঁচটি খণ্ডিত ইসুজু ট্রাক পাওয়া যায়। ট্রাকগুলোর কেবিনের ভেতরেও বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ প্যাক করে রাখা হয়েছিল।
কাস্টমস গোয়েন্দার প্রাথমিক সন্দেহ, খণ্ডিত গাড়ির অংশ আলাদা চালানে এনে পরে সংযোজন, প্রকৃত পণ্য গোপন অথবা শুল্ক-কর ফাঁকির কোনো কৌশল ব্যবহার করা হয়ে থাকতে পারে। বিশেষ করে BMW 740i-এর বাকি অংশ কোথায়, তা খুঁজে দেখতে সংশ্লিষ্ট অন্য চালানের তথ্যও যাচাই করা হচ্ছে। উদ্ধার হওয়া গাড়ি ও যন্ত্রাংশের চেসিস, ভিআইএন, ইঞ্জিন, প্রকৃত মূল্য ও আমদানি বৈধতা যাচাই করা হবে।
চালানটির আমদানিকারক নগরীর হালিশহর সরাইপাড়ার মেসার্স আয়াজ অটো ইন্টারন্যাশনাল। খালাসের দায়িত্বে ছিল আমিন সিএন্ডএফ প্রাইভেট লিমিটেড। রপ্তানিকারক সংযুক্ত আরব আমিরাতের আরব জাপান ইউজড কারস অ্যান্ড স্পেয়ার পার্টস কোম্পানি এলএলসি। তদন্ত শেষে কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইআইডি।
আরও পড়ুন
মাগুরায় ৩৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ
কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ালে ছাড় নয়: চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি
চট্টগ্রামে হকার সমস্যার সমাধানে ‘ইভিনিং মার্কেট’ চালুর পরিকল্পনা চসিক মেয়রের