মাগুরায় ৩৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:০২ পিএম

আব্দুর রশিদ মোল্লা, মাগুরা প্রতিনিধি:

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে হারিয়ে যাওয়া ও বিভিন্ন সময় চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফোনগুলো হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত ফোনের মধ্যে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস-২৩ সহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন। যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

পুলিশ জানায়, সেপ্টেম্বর-২০২৬ মাসে জেলার বিভিন্ন থানায় হারানো ও চুরির অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ও অনুসন্ধানের মাধ্যমে এসব ফোন উদ্ধার করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব খন্দকার খায়রুল হাসান, পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুধু মোবাইল উদ্ধারই নয়, সেপ্টেম্বর /২০২৬ মাসে সাইবার ক্রাইম ইউনিট ১২ জন ভিকটিম উদ্ধার, ২ জন হত্যা মামলার আসামি ও ২ জন সার-কালোবাজারি মামলার আসামি গ্রেফতার করেছে। এছাড়াও ফেসবুক সংক্রান্ত বিভিন্ন অভিযোগে আইনানুগ ব্যবস্থা, অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্লুলেস হত্যা, ডাকাতি ও চুরির মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সেল।

জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমাল রক্ষা, সাইবার অপরাধ দমন এবং হারানো মালামাল উদ্ধারে মাগুরা জেলা পুলিশ সর্বদা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com