সিংগাইরে স্ত্রীর ছু/রি/কা/ঘাতে স্বামীর মৃ/ত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ | ৮ অক্টোবর
মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে রাশেদুল ইসলাম (প্রায় ৪০) নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে । স্বামীর পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোরে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী হাসনা বেগম (৩৬) পলাতক রয়েছেন ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর পাঁচটার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত রাশেদুল দক্ষিণ ধল্লা গ্রামের মৃত সুরমান আলীর ছেলে । তাঁর স্ত্রী হাসনা বেগম লালমনিরহাটের হাতীবান্ধা থানার দইখাওয়া এলাকার মো. বারেকের মেয়ে । প্রায় দেড় যুগ আগে তাঁদের বিয়ে হয় । তাঁদের দুই সন্তান রয়েছে ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাশেদুলের পরকীয়ার সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ দীর্ঘদিন ধরে করে আসছিলেন হাসনা । এ নিয়ে বৃহস্পতিবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয় । একপর্যায়ে হাসনা ধারালো ছুরি দিয়ে রাশেদুলের পেটে আঘাত করেন ।
ছুরিকাঘাতে গুরুতর আহত রাশেদুলের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায় । পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন । তবে পথেই তাঁর মৃত্যু হয় ।
পুলিশ জানায়, ঘটনার পর হাসনা তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ঘটনাস্থলে রেখে পালিয়ে যান ।
সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে । ঘটনার পর থেকে হাসনা পলাতক রয়েছেন । তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার প্রকৃত কারণ ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারের বিষয়েও তদন্ত চলছে ।
আরও পড়ুন
পুলিশের বাইক চুরি করতে গিয়ে ধরা, উদ্ধার ৯ মোটরসাইকেল
রাজাপুরে ডেঙ্গু প্রতিরোধে যুব সংগঠনের সচেতনতামূলক বৈঠক ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
চট্টগ্রাম বন্দরে ‘যন্ত্রাংশ’ ঘোষণায় খণ্ডিত BMW, ৫ ইসুজু ট্রাক: শুল্ক ফাঁকির সন্দেহ