সাতক্ষীরায় ডিবির অভিযানে অনলাইন জুয়া: তিন যুবক গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম
শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়।
বুধবার (৭ অক্টোবর) ভোরে আশাশুনি উপজেলার দীঘলারআইট এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আশাশুনি উপজেলার চাকলা গ্রামের মো. আল-আমিন শেখের ছেলে ইয়াসিন হোসেন (২০), সোনাতনকাটি গ্রামের মো. আজিজুল সানার ছেলে মো. শরিফুল ইসলাম (৩০) এবং শ্যামনগর উপজেলার চাউলখোলা গ্রামের নুর মোহাম্মদ সানার ছেলে নূরে আলম হোসেন (৩৬)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।
বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে প্রতাপনগর বাজারে অবস্থানকালে পুলিশ গোপন সংবাদ পায়, দীঘলারআইট গ্রামের রুহুল আমিন শেখের (৭৫) বাড়ির উঠানে মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন জুয়ার আসর বসেছে।
সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা ছয়টি মোবাইল ফোন তল্লাশি করে আন্তর্জাতিক অনলাইন জুয়া সাইট ‘1XBET’, ‘MELBET’ ও ‘MOBCASH’-এর ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া গেছে।
এ ঘটনায় আশাশুনি থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলা নম্বর-০৯, তারিখ ৭ অক্টোবর ২০২৬; জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৬/১৭/২৭ ধারায় মামলাটি করা হয়েছে।
গ্রেপ্তার তিনজনকে বিধি অনুযায়ী পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।