নারায়ণগঞ্জে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:২১ এএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
রংপুরের কোতয়ালী থানার অপহরণ মামলার আসামিকে আড়াইহাজার থেকে গ্রেফতার করেছে এসআরবি
রংপুরের কোতয়ালী থানা এলাকা থেকে অপহৃত ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি শ্রী সম্পদ চন্দ্র দাসকে (২২) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ধূপতারা কালিরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও কিশোরীকে উদ্ধার করা হয়।
গ্রেফতার সম্পদ চন্দ্র দাস রংপুরের কোতয়ালী থানার কিশামত মাধবপুর (দুর্গাপুর) গ্রামের নরেশ চন্দ্র দাসের ছেলে।
এসআরবি জানায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় ভুরারঘাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে সম্পদ চন্দ্র দাস তাকে উত্ত্যক্ত করতেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরী তার বাবার বাড়ির সামনে রাস্তায় অবস্থান করছিল। এ সময় সম্পদ চন্দ্র দাস কয়েকজন সহযোগীর সহায়তায় একটি অটোরিকশায় তুলে তাকে অপহরণ করে নিয়ে যান বলে অভিযোগ করা হয়।
ঘটনার পর ২২ জুলাই কিশোরীর বাবা বাদী হয়ে রংপুরের কোতয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ০৯।
এসআরবি আরও জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিএসসি, রংপুর এবং এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি সম্পদ চন্দ্র দাসকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়।
পরে উদ্ধার কিশোরী ও গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
আরও পড়ুন
পলাশবাড়ীতে এলএ শাখার অনিয়ম ও কথিত সাংবাদিক পাপুলের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জয়পুরহাটে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু’টি ককটেল বিস্ফোরণ