"​মা ইলিশ রক্ষা পেলে সমৃদ্ধ হবে মৎস্যসম্পদ, বদলাবে জেলেদের ভাগ্য": মাদারীপুরে মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পিএম

নাজমুল হাসান, মাদারীপুর:

জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় প্রশাসনিক নজরদারির পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, “ইলিশ বাংলাদেশের গর্ব। মাদারীপুর ইলিশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল এবং পদ্মা নদীর সুস্বাদু রুপালি ইলিশের দেশজুড়ে সুনাম রয়েছে। এই সুনাম ও সম্পদ টিকিয়ে রাখতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

​৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলে পরিবারের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণের উদ্দেশ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তব্যে প্রতিমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তিনি জেলেদের প্রতি আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, “মা ইলিশ সংরক্ষণে নির্ধারিত ২২ দিন নদীতে মাছ ধরা থেকে সবাইকে বিরত থাকতে হবে। পাশাপাশি নিষিদ্ধ সময়ে কেউ যেন অবৈধ কারেন্ট বা চায়না জাল দিয়ে মাছ ধরতে না পারে, সেদিকে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে কঠোর নজরদারি রাখতে হবে।”

​তিনি আরো যোগ করেন, “মা ইলিশ সংরক্ষণ কেবল সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে পারি, তবে দেশের মৎস্যসম্পদ যেমন বৃদ্ধি পাবে, তেমনই জেলেদের জীবনমানও উন্নত হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেন, “প্রতি বছর মা ইলিশ সংরক্ষণের সময় জেলেরা সরকারি নির্দেশ মেনে মাছ ধরা থেকে বিরত থাকেন। এবারও ২২ দিনের এই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জেলেদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

​অনুষ্ঠান শেষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এলাকার নিবন্ধিত প্রতিটি জেলে পরিবারের হাতে ২৫ কেজি করে ভিজিএফের চাল তুলে দেওয়া হয়।

​শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার, পুলিশ সুপার ফজলে এলাহী, মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরী মিঠু, শিবচর থানা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা সহ মৎস্য বিভাগের জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

 

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com