রংপুরে ডিবির অভিযানে অনলাইন জুয়া, ভুয়া থাই লটারি ও জাল ভিসা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম
রফিকুল ইসলাম সাবুল, রংপুর প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া খেলা, ভুয়া থাই লটারি ও জাল ভিসা প্রতারণার কাজে জড়িত থাকার অভিযোগে বেলাল হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর হেফাজত থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ভিসা প্রতারণায় ব্যবহৃত কাগজপত্র এবং ভুয়া থাই লটারির কাগজপত্র জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ৪ নম্বর হাড়িয়ারকুঠি ইউনিয়নের নেকিরহাট বাজারসংলগ্ন নেকিরহাট দাখিল মাদ্রাসার গেটের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
রংপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুরের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মো. মাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় বেলাল হোসেনকে মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলতে দেখা যায়। পরে তাঁর দেহ তল্লাশি করে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ভিসা প্রতারণার কাজে তৈরি করা কাগজপত্র এবং ভুয়া থাই লটারির কাগজপত্র উদ্ধার করা হয়। এসব আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার বেলাল হোসেন তারাগঞ্জ উপজেলার নেকিরহাট এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আলম মিয়া।
পরে জব্দ করা আলামতসহ তাঁকে তারাগঞ্জ থানায় নেওয়া হয়। এ ঘটনায় তারাগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এবং সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন
গাইবান্ধার সুন্দরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, ভ্যানচালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন
নাভি পিল্লাইয়ের হাতে নোবেল শান্তি পুরস্কার: যুদ্ধাপরাধের বিচার ও আন্তর্জাতিক আইনের পক্ষে বিশ্বকে বার্তা
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘিরে উত্তেজনা, দুই শিক্ষার্থীকে মারধর