গাইবান্ধার সুন্দরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, ভ্যানচালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: 

গাইবান্ধার সুন্দরগঞ্জে মো. ছোয়াদ নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এক ভ্যানচালকের উপস্থিতি ও তৎপরতায় গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে যান তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামারধুপনি গ্রামে পাঁচগাছি-শান্তিরাম মডেল স্কুলের প্রায় আধা কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে।

আহত ছোয়াদ শ্রীপুর ইউনিয়নের মো. মজিবর রহমানের ছেলে। অভিযুক্ত মো. নাহিদ ইসলাম একই এলাকার মো. কাফিউল ইসলামের ছেলে। তারা দুজন পরস্পরের বন্ধু বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ওই স্থানে ছোয়াদের ওপর ছুরি দিয়ে হামলা চালায় নাহিদ। এ সময় এক ভ্যানচালক এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছোয়াদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, "আহত যুবককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ও অভিযুক্ত দুজনই বন্ধু বলে প্রাথমিকভাবে জানা গেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com