কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি: 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও চার বোতল এস্কাফ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

শুক্রবার (৯ অক্টোবর) এসআরবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল ফুলবাড়ী থানার ৬ নম্বর কাশীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অনন্তপুর মাস্টারপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে ওই গ্রামের মোস্তাফিজুর রহমানের বাড়ির পশ্চিম পাশের বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও চার বোতল এস্কাফ উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com