লালন মাজারে নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম
তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি |
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
এনসিপি কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে লালন শাহের মাজার পরিদর্শন ও লালনের গান শোনা শেষে রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে মাজারের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটোয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, হামলাকারীদের একজন নাসীরুদ্দীন পাটোয়ারীকে লক্ষ্য করে ডিম ও পাথর নিক্ষেপ করেন। পরে লাঠি, বাঁশ, পাইপ, লোহার রড ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর এলোপাতাড়ি হামলা ও মারধর করা হয়। এতে কয়েকজন আহত হন।
অভিযোগ অনুযায়ী, হামলা থেকে বাঁচতে এনসিপির নেতাকর্মীরা মাজারের ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা তাঁদের পিছু নিয়ে ধাওয়া করেন। একপর্যায়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর ব্যবহৃত গাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ও পুলিশের সহায়তায় তাঁরা নিরাপদে মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার পূর্বপরিকল্পনার অংশ হিসেবে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের ফল এখনো জানা যায়নি।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, গত বুধবার এ ঘটনায় মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন
বিশ্ব ডাক দিবসে হাবিপ্রবিতে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনী
গাজীপুর জেলার শ্রীপুর থানায় গুলি ছুড়ে বিকাশের ৩ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধ ১
গঙ্গাচড়ায় স্টোররুমের সিঁড়ির পাশে খালেদা জিয়ার ছবি, তদন্ত কমিটি