শুধু সনদ নয়, মানবিক মানুষ হতে হবে; মুন্নু কলেজের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন খাদ্যমন্ত্রী রিতা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

শুধু ভালো ফলাফল ও সনদ অর্জন নয়, নীতি-নৈতিকতা, আদর্শ, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা । তিনি বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো জ্ঞান অর্জনের পাশাপাশি যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠা ।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মানিকগঞ্জের গিলন্ড এলাকার মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে । তাই পরীক্ষায় ভালো ফল করার পাশাপাশি সৎ, দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে । শিক্ষা যেন শুধু সনদ অর্জনে সীমাবদ্ধ না থাকে; বরং মানুষের চিন্তা, বিবেক ও দায়িত্ববোধকে সমৃদ্ধ করে ।

আফরোজা খানম রিতা বলেন, তার প্রয়াত পিতা, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মৃতি বিজড়িত এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সুনাম বয়ে আনবে—এটাই তাঁর প্রত্যাশা । বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে । বড় স্বপ্ন দেখে সততা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে । ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতাও গড়ে তুলতে হবে ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস ।

প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্করের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও শিক্ষাবিদেরা উপস্থিত ছিলেন । আলোচনা সভার পাশাপাশি নাচ, গান ও ফ্যাশন শোতে মুখর হয়ে ওঠে মিলনায়তন । নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো ও নতুন শিক্ষাজীবনে উৎসাহ জোগাতে এ আয়োজন করা হয় ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com